আল ফারাবি এক মহান প্রতিভা
আল ফারাবি আল ফারাবির নাম তোমরা হয়তো অনেকেই শুনেছ। ইসলামী রাষ্ট্রদর্শনের ইতিহাসে যে কয়জন মহান জ্ঞানসাধক প্রাচ্যের সেরা দার্শনিক রূপে খ্যাতি লাভ করেছেন আল ফারাবি তাদের অন্যতম। শুধু তাই নয়, ইসলামী দর্শন, ধর্মতত্ত্ব, অধিবিদ্যা, বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রে আল ফারাবির অসামান্য জ্ঞানের জন্য এরিস্টটলের পরই তাঁর স্থান নির্দেশ করা হয়ে থাকে। এই কারণে প্রাচ্যের সুধীমহলে এরিস্টটল ‘মুয়াল্লিম আউয়াল’ বা প্রথম গুরু এবং আল ফারাবি ‘মুয়াল্লিম সানি’ বা দ্বিতীয় গুরু হিসেবে পরিচিত। আজ থেকে প্রায় এগারো শ’ বছর আগের কথা। ঈসায়ী আট শ’ সত্তর সালের জুন মাস। এক সম্ভ্রান্ত তুর্কি বংশে আল ফারাবির জন্ম হয়। তাঁর প্রকৃত নাম আবু নসর মুহাম্মাদ ইবনে তুরান ইবনে উসলুগ। এশিয়ায় তুর্কিদের সভ্যতাকেন্দ্র ফারাব শহরের অন্তর্গত ওয়াজিস নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ফারাবের অধিবাসী ছিলেন বলেই ‘ফারাবি আল তুর্কি’ খেতাব ব্যবহার করতেন। পরবর্তীকালে তিনি ‘আল ফারাবি’ নামেই সর্বত্র পরিচিতি লাভ করেন। আল ফারাবি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর বাল্যকাল সচ্ছলতার ...